ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মামা বাসায় উঠলে ‘আপত্তি নেই’, তবে নিরাপত্তা চান তুরিন ফরোজের মেয়ে

সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের গ্রেপ্তারের পর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাড়ি নিয়ে পারিবারিক বিরোধ নতুন মোড় নিয়েছে। আদালতের রায়ে তার মা শামসুন্নাহার বেগম ও সৎ ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের ওই বাড়িতে বসবাসের অধিকার নিশ্চিত হলেও, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তুরিনের মেয়ে তেজস্বী তুরিন সুমেধা।


সুমেধার অভিযোগ, তুরিন গ্রেপ্তার হওয়ার পরদিন ৮ এপ্রিল তার মামা শিশির বাড়িতে এসে ‘দখলের চেষ্টা’ করেন এবং তাকে হুমকি দেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও, একই ভবনে থাকার বিষয়ে তিনি এখনও স্বস্তিতে নেই।“রায়ের পর মামা বাড়িতে থাকলে আমার কোনো আপত্তি নেই। আমি কাউকে বিরক্ত করব না, তারাও আমাকে বিরক্ত করতে পারবেন না,” বলেন সুমেধা। তবে ৮ এপ্রিলের ঘটনার প্রেক্ষাপটে তিনি নিজেকে ঝুঁকির মুখে মনে করছেন। “আমি সেফ ফিল করছি না, যে আমরা একই বিল্ডিংয়ে থাকব।”


তিনি জানান, পুলিশ কর্মকর্তা ও থানার ওসির সঙ্গে পুনরায় কথা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি তারা নজরে রেখেছেন। যদিও নতুন করে জিডি করার ইচ্ছে থাকলেও পুলিশ জানিয়েছে, পরবর্তীতে ঝামেলা হলে তখন ব্যবস্থা নেওয়া যাবে।


উল্লেখ্য, উত্তরার ওই বাড়িটি তুরিন আফরোজ তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন দাবি করে ২০১৭ সালে ঢাকার দেওয়ানি আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার সৎ মা ও সৎ ভাই অবৈধভাবে বাড়িটি দখলের চেষ্টা করছেন। ২০১৮ সালে আদালত বাড়িটির ওপর স্থিতাবস্থা জারি করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সর্বোচ্চ আদালতের রায়ে শামসুন্নাহার বেগম ও শিশির আহমেদ শাহনেওয়াজ বাড়িতে বসবাসের অধিকার পান।


রায়ের কপি হাতে পাওয়ার পর সেটি পর্যালোচনা করে মা ও মামাকে বাসায় উঠতে সহায়তা করবেন বলে জানিয়েছেন সুমেধা। তবে ভবিষ্যতে যদি হুমকির পরিস্থিতি তৈরি হয়, তাহলে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে সতর্ক করেন। “আমি একটা ফ্ল্যাট দিতে রাজি, কিন্তু নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েই গেছে,” বলেন তিনি।


এই বিষয়ে শিশির আহমেদ শাহনেওয়াজের মন্তব্য জানতে তার ফোনে একাধিকবার চেষ্টা করেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার বক্তব্য পায়নি।


উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, “সুমেধা আগেই একটি জিডি করেছে। আমরা তা আদালতে পাঠিয়েছি এবং তদন্ত চলছে। সে যখনই আমাদের ডাকছে, আমরা সহযোগিতা করছি। পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।”


ads
ads
ads

Our Facebook Page

↑